বুধবার, ২৫ মে, ২০১১

পদ্মা সেতু নির্মাণে আইডিবির সঙ্গে চুক্তি সই

পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণ চুক্তি সই করেছে সরকার। এ চুক্তির আওতায় বাংলাদেশকে এক হাজার ২২ কোটি টাকা (১৪ কোটি ডলার) ঋণ দেবে আইডিবি।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সফররত আইডিবির প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ আলী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশারফ হোসাইন ভুঁইয়া, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইঞাসহ আইডিবির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে বড় ধরনের পরিবর্তন বয়ে আনবে পদ্মা সেতু। সেতুটি অর্থনীতিতে স্থিতিশীলতা আনতেও ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে আমার এ চুক্তিতে সই করার কথা নয়। আইন মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও তা করেছি। আইন মন্ত্রণালয় এতে সংকীর্ণতামুক্ত থাকবে বলেই আশা করছি।’
আইডিবির প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ আলী বলেন, ‘আমি বিশ্বাস করি এ সেতুর নির্মাণকাজ নির্দিষ্ট সময় ও নির্ধারিত ব্যয়ে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে।’ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আইডিবির সহায়তার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মসিউর রহমান বলেন, পদ্মা সেতু নির্মাণে রাজনৈতিক নেতা, আমলা ও উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার একটি চমৎকার উদাহরণ তৈরি হয়েছে। স্বচ্ছতার সঙ্গে সেতু নির্মাণের কাজ তদারক করার আশ্বাস দেন উপদেষ্টা।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, মূল সেতু, নদী শাসন ও সংযোগ সড়কের দরপত্র শিগগির আহ্বান করা হবে। সেতু নির্মাণে বিশ্বব্যাংক থেকে আরও ৩০ কোটি ডলার অতিরিক্ত ঋণ পাওয়া যাবে বলেও জানান তিনি।
আইডিবির এই ঋণের বিপরীতে সুদ হিসেবে বাংলাদেশকে ছয় কোটি ডলার গুনতে হবে, তবে তা পরিশোধ করতে হবে ৩০ বছরে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রাক্কলিত নির্মাণ-ব্যয় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার; অর্থাৎ ২১ হাজার ৬৯৫ কোটি টাকা। আইডিবির আগে গত ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে আট হাজার ৭৬০ কোটি টাকার (১২০ কোটি ডলার) চুক্তি সই হয়েছে। ১৮ মে জাপানের সঙ্গে হয়েছে দুই হাজার ৯২০ কোটি টাকার (৪০ কোটি ডলার) ঋণ চুক্তি। আগামী ৬ জুন এডিবির সঙ্গে চার হাজার ৪৮৯ কোটি টাকার (৬১ কোটি ৫০ লাখ ডলার) ঋণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
আইডিবির সঙ্গে ‘ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’তে অর্থায়নের জন্য অপর একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় গতকাল। ১২০ কোটি টাকার (এক কোটি ৭১ লাখ ডলার) এ প্রকল্পে আইডিবি সহায়তা দেবে ১০৮ কোটি টাকা (এক কোটি ৪৮ লাখ ডলার)। ১২ কোটি টাকা ব্যয় করবে সরকার। এ চুক্তিতেও স্বাক্ষর করেন অর্থমন্ত্রী ও আইডিবির প্রেসিডেন্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন