বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

ফলে রাসায়নিকদ্রব্য মেশানো বন্ধে হাইকোর্টের ৬ নির্দেশনা


ফলে রাসায়নিকদ্রব্য মেশানো বন্ধে ছয় দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 
জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
ছয় নির্দেশনা: বিভিন্ন ফলের আড়ত ও বাজারে রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রি ঠেকাতে বিএসটিআইকে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। রাসায়নিকযুক্ত ফল বিক্রি করা হলে সংশ্লিষ্টদের প্রতি আইনানুগ ব্যবস্থাও নেওয়ার কথা বলা হয়েছে।
ফলে রাসায়নিক পদার্থ মেশানো বন্ধে কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রি বন্ধে ফলের বাজার তদারকিতে একটি পরিদর্শক দল গঠন করতে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
রাসায়নিক পদার্থযুক্ত ফল আমদানি বন্ধে দেশের এমন পয়েন্টগুলোতে তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। 
এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পুলিশের মহাপরিদর্শককে বলা হয়েছে। এর অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
রাজশাহীর আমবাগান থেকে আম বাজারজাতকরণের ক্ষেত্রে আমবাগানগুলোতে প্রহরা ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহীর ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন