শনিবার, ২৮ মে, ২০১১

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

সিরিয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আটজন বিক্ষোভকারী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো জানায়, দেশজুড়ে সরকারবিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দমন অভিযানের প্রতিবাদে গতকাল ওই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে হোমস শহরে তিনজন, রাজধানীর কাতানা শহরতলিতে তিনজন, লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহরে একজন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইবলিব প্রদেশে একজন নিহত হয়েছে।
একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দের আল-জোর শহরেও গতকাল নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে।
প্রেসিডেন্ট আসাদের শাসন অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে সিরিয়ায় প্রায় তিন সপ্তাহ ধরে সরকারবিরোধীরা বিক্ষোভ করছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে। 
এদিকে ফ্রান্সে জি-৮-ভুক্ত দেশগুলোর নেতারা বলেছেন, সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞে তারা ‘মর্মাহত’। বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ তাত্ক্ষণিক অবসানের দাবিও জানিয়েছেন জি-৮ নেতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন